ইংলিশ চ্যানেলে ১৬০ অভিবাসী বহনকারী নৌকায় আগুন


যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় প্রায় ১৬০ জন অভিবাসী বহনকারী একটি ছোট নৌকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ফরাসি জলসীমায় এ ঘটনা ঘটে।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের কোস্টগার্ড আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর ফ্রান্সের অনুসন্ধান ও উদ্ধারকারী দল, যুক্তরাজ্যের কোস্টগার্ড এবং রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটিতে থাকা ১৫৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তাদের পার্শ্ববর্তী বন্দরে নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফরাসি সামুদ্রিক প্রশাসনের তথ্য অনুযায়ী, নৌকাটি সমস্যায় পড়ার পর রাত থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হয়। প্রথমদিকে নৌকায় থাকা পাঁচজনকে উদ্ধার করা হলেও বাকিরা ফরাসি টহল নৌকার সহায়তা নিতে অস্বীকৃতি জানান এবং যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখতে চান।
ফরাসি কর্তৃপক্ষ জানায়, ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেওয়া অনেক অভিবাসী ঝুঁকি থাকা সত্ত্বেও গন্তব্যে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ থাকেন। এ কারণে তারা সাধারণত চরম জরুরি পরিস্থিতি ছাড়া উদ্ধার সহায়তা গ্রহণ করেন না।
কর্তৃপক্ষ আরও জানায়, অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাগুলোর কাঠামোগত দুর্বলতার কারণে শুরুতে সরাসরি হস্তক্ষেপ করা হয়নি। তবে মঙ্গলবার সকালে নৌকার ইঞ্জিনে আগুন লাগার পর পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে দ্রুত উদ্ধার অভিযান জোরদার করা হয়।



