শীর্ষ নিউজ

সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও বাবা-মা ও দাদা-দাদির জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার নিশ্চিত করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘দ্য ট্রান্সফার অব প্রোপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকটি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য ট্রান্সফার অব প্রোপার্টি অ্যাক্ট, ১৮৮২-এ দাতা কর্তৃক জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণ করে সম্পত্তি দানের বিধান যুক্ত করার লক্ষ্যে সংশোধনী আনা হচ্ছে।

বর্তমান আইনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান না থাকায় বাবা-মা বা দাদা-দাদিরা সন্তান বা নাতি-নাতনির নামে সম্পত্তি দান করলেও জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার আইনি নিশ্চয়তা পান না।

প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে এ বিষয়টি স্পষ্টভাবে আইনে অন্তর্ভুক্ত করে আইনি সুরক্ষা দেওয়া হবে।

মন্ত্রিসভা লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘দ্য ট্রান্সফার অব প্রোপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ