টাঙ্গাইল

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় একজনের কারাদণ্ড

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া এলাকার নোয়াবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অপরাধে আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) উপজেলার কস্তুরীপাড়ার নোয়াবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ড্রেজার ও এক্সকাভেটর ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন এবং মাটি কেটে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযান চলাকালে আব্দুল মালেককে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার কারণে ফসলি জমি, পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ