আন্তর্জাতিক

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে পরিকল্পিত সামরিক অভিযান স্থগিত করে দেওয়া ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি কমে গেছে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার গ্রিনিচ সময় রাত ১১: ৫২ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারস-এর দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৬৬ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সামরিক পদক্ষেপ থেকে সরে এসে কূটনৈতিক আলোচনায় জোর দেওয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমিয়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক তেলের বাজারে দাম কমেছে।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করলে এবং তেহরানের বাহিনী ওমান উপকূলের কাছে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলা চালালে বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ বেড়ে যায়। সে সময় ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।

সাম্প্রতিক মূল্যপতনকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা সাময়িকভাবে প্রশমিত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। তবে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি এখনও অনিশ্চিত থাকায় তেলের দামে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলে তাদের ধারণা।

এই বিভাগের আরও সংবাদ