গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১১


গাজা উপত্যকায় আজ ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১১ জনে দাঁড়িয়েছে। হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় আরও দুইজন নিহত হয়েছেন। এর আগে উপত্যকার বিভিন্ন এলাকায় চালানো হামলায় আরও কয়েকজন নিহত ও আহত হওয়ার খবর পাওয়া যায়।
চলমান হামলার কারণে গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। উদ্ধারকাজ এবং হতাহতদের বিষয়ে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই মাসে ইসরায়েলি হামলায় গাজায় ১৫২ জন নিহত হয়েছেন, যা চলতি বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
শনিবার (১ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, জুলাইয়ে নিহতদের মধ্যে ২১ শিশু, ১৪ নারী এবং চারজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনায় হামলার কারণেই প্রাণহানি বেড়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ২২২ জন নিহত এবং ৪ হাজার ৫৩ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৪৯ জনে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৬২ জন।
সূত্র: আল জাজিরা



