বিরলে সাবেক স্বামীর ছোড়া পেট্রোলে দগ্ধ হয়ে দুই সন্তানের জননীর মৃত্যু, আটক সাবেক স্বামী


চৌধুরী নুপুর নাহার তাজ, নিজস্ব প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় বিবাহবিচ্ছেদ হওয়া সাবেক স্বামীর ছোড়া পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে দুই সন্তানের জননী সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে বিরল থানা পুলিশ।
নিহত সুমাইয়া আক্তার শ্যামলী বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। আটক মাহবুবুর রহমান রংপুর কোতয়ালী থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা এবং বিরল উপজেলার একই ইউনিয়নের দোগাছী (বুধারপাড়া) গ্রামের অস্থায়ী বাসিন্দা। তিনি মৃত সফি উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে শ্যামলী ও মাহবুবুর রহমানের বিবাহবিচ্ছেদ হয়। এর জেরে শনিবার (১ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
শ্যামলীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত মাহবুবুর রহমান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে তার মৃত্যু হয়। পরে তাকে পুনরায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
বিরল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করে। নিহতের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।



