আন্তর্জাতিক

টেসলার চীন শাখা বিক্রি করছেন ইলন মাস্ক?

টেসলার চীন শাখার ব্যবসা বিক্রি বা আলাদা করার পরিকল্পনা হচ্ছে বলে খবর বেরিয়েছে। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সরাসরি এটিকে গুজব ও ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন। রকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’-এর সঙ্গে টেসলাকে একীভূত করার ক্ষেত্রে আইনি ও নীতিগত জটিলতা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সম্প্রতি দাবি করেছিল মার্কিন সংবাদপত্র ‘ওয়াল স্ট্রিট জার্নাল’।

প্রতিবেদনে বলা হয়, স্পেসএক্স মার্কিন প্রতিরক্ষা খাতের অত্যন্ত বড় এক ঠিকাদার। অন্যদিকে চীনে টেসলার শতভাগ একক মালিকানাধীন বিশাল কারখানা রয়েছে। তাই কোম্পানি দুটি এক করার আইনি বাধা কাটাতে চীনা অংশের মালিকানা বিক্রি, আলাদা সত্তা বা কারখানা বন্ধের মতো নানা বিকল্প খতিয়ে দেখা হচ্ছে। এমনকি সাংহাই কারখানার রপ্তানি ও আইটি অবকাঠামো বৈশ্বিক অপারেশন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার বিষয়েও পরামর্শকেরা চিন্তাভাবনা করছেন।

যদিও মাস্ক দুই প্রতিষ্ঠান এক করার কোনো ঘোষণা দেননি। তবে সাম্প্রতিক কিছু মন্তব্যে তাদের যৌথ কাজের বিষয়টি আসায় এমন জল্পনা ছড়ায়। উল্লেখ্য, চীনের সাংহাই গিগাফ্যাক্টরি টেসলার প্রধান উৎপাদন কেন্দ্র, যা বৈশ্বিক সরবরাহের অর্ধেকেরও বেশি জোগান দেয়। সাড়ে ৯ লাখের বেশি বাৎসরিক উৎপাদনক্ষমতার এই কারখানায় মডেল ৩ ও ওয়াই তৈরিতে ৯৫% স্থানীয় সরঞ্জাম ব্যবহৃত হয়।

এই আলোচনার মধ্যেই গত বৃহস্পতিবার নাসডাকে টেসলার শেয়ারদর ৩.৫৩ শতাংশ বেড়ে ৩০৮.৮৫ ডলারে দাঁড়িয়েছে। যদিও এক মাসে কোম্পানির শেয়ার কমেছে ২৬.৬ শতাংশ। অন্যদিকে একই দিনে স্পেসএক্সের শেয়ার সামান্য কমে দাঁড়ায় ১১২.২ ডলারে।

এই বিভাগের আরও সংবাদ