আন্তর্জাতিক

মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল আজরাক সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগের রাতের হামলার জবাবে ‘অপারেশন নাসর-২’ এর ২০তম ধাপে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, আইআরজিসির মহাকাশ বাহিনী একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ঘাঁটির যুদ্ধবিমান রাখার আশ্রয়কেন্দ্র এবং বড় আকারের বিমান পার্কিং এলাকা লক্ষ্য করে হামলা চালায়।

আইআরজিসির দাবি, এই হামলায় অন্তত দুটি যুদ্ধবিমান ও ৩টি মার্কিন সামরিক বিমান ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া বিবৃতিতে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র হাসপাতাল, সেতু, রেলপথ, বন্দর ও বিমানবন্দরে হামলা চালিয়ে বেসামরিক মানুষকে হত্যা করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে ব্যর্থতা আড়াল করতেই এ ধরনের হামলা চালাচ্ছে তারা।

বিবৃতির শেষাংশে আইআরজিসি আরও দাবি করে, এখন জর্ডানের জনগণ ও সশস্ত্র বাহিনীর ভূমিকা রাখার সময় এসেছে। তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ