২১ দিন ধরে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে নিলো ভারত সরকার


ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনের ২১তম দিনে এসে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে আদালতের নির্দেশে এই পদক্ষেপ নেয়া হয়।
ভারতের যুব সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে একাত্মতা প্রকাশ করে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। গত মে মাসে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে সংগঠনটি।
দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার (১৮ জুলাই) ওয়াংচুকের শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়লে আদালতের নির্দেশে তাকে ‘জরুরি চিকিৎসাসেবা’ প্রদানের জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) ওয়াংচুককে জোরপূর্বক খাওয়ানোর অনুরোধ জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। এর প্রেক্ষিতে সরকারকে তার স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখার এবং প্রয়োজনবোধে তার অনশন ভাঙানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।
এদিকে সিজেপির আন্দোলনকারীরা ঘোষণা করেছে, আগামী ২০ জুলাই ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন তারা সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জোরালো করতেই এই কর্মসূচির ডাক দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছর লাদাখে সহিংস বিক্ষোভের সময় ‘উসকানিমূলক মন্তব্যের’ অভিযোগে ওয়াংচুকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল বিজেপি সরকার। সেই ঘটনায় তিনি প্রায় ছয় মাস কারাবাসের পর চলতি বছরের মার্চে মুক্তি পান। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে ওয়াংচুক বলেছেন, ওই বিক্ষোভ ছিল কেন্দ্রীয় সরকারের প্রতি জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।
অনশনের তৃতীয় দিনে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াংচুক জানিয়েছিলেন, মৃত্যু না হলে ছয় সপ্তাহ এই অনশন চালিয়ে যাবেন তিনি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, ‘আশা করি পরিস্থিতি সেই পর্যন্ত গড়াবে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবেদনশীল সরকার জনগণের যন্ত্রণা উপলব্ধি করে। আমি আশা করি তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।’



