জামালপুরে নানা আয়োজনে পালিত হলো জুলাই শহিদ দিবস


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরে জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহিদ দিবস। চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে জেলা ও উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ছাত্র-জনতার উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা শহরের শহিদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা একটি স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি। অবশেষে ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন এবং বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে সেই সরকারের পতন ঘটেছে। এই অর্জনকে আমাদের ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও দায়িত্ব পালনের যে ধারাবাহিকতার কথা বলেছেন, তা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। তাহলেই একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুবা ইসলাম ও ইমন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হাকিম, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা মো. কামাল এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রবিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার লাবনী।
আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাইযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং শহিদদের আত্মত্যাগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া জোহর ও আসর নামাজের পর জেলা শহরের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



