আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী


তাঁতশিল্পের উন্নয়ন, তাঁতিদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এ শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।
বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আড়াইহাজার তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন বাংলাদেশের তাঁতশিল্পের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই কেন্দ্র শুধু একটি ভবন নয়; এটি দক্ষ তাঁতি, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা এবং নতুন উদ্যোক্তা তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি বলেন, শিল্পসমৃদ্ধ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার দীর্ঘদিন ধরেই একটি তাঁত অধ্যুষিত এলাকা। ১৯৮৭ সালে এখানে বেসিক সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে তাঁতিদের প্রাতিষ্ঠানিক সেবা কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ কেন্দ্রের আওতায় ৫১টি প্রাথমিক ও ২টি মাধ্যমিক তাঁতি সমিতি রয়েছে। এর মাধ্যমে এ পর্যন্ত ২ হাজার ৬৬০ জন তাঁতিকে প্রায় ১৭ কোটি ৪৯ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।
মোঃ শরীফুল আলম বলেন, আড়াইহাজারসহ পার্শ্ববর্তী অঞ্চলে জামদানি, বেনারসি, থ্রি-পিস, মশারিসহ বিভিন্ন ধরনের তাঁতপণ্য উৎপাদিত হয়, যা বাংলাদেশের সংস্কৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সরকার এই ঐতিহ্যবাহী শিল্পের সংরক্ষণ, আধুনিকায়ন, তাঁতিদের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে এর অবস্থান আরও সুদৃঢ় করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, আড়াইহাজার তাঁত প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রতি বছর প্রায় ৩০০ জন তাঁতি আধুনিক প্রশিক্ষণের সুযোগ পাবেন। বুনন ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক ডিজাইন, রঙের সমন্বয়, পণ্যের মানোন্নয়ন এবং বাজারজাতকরণের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে গুণগত মান, উদ্ভাবন, ব্র্যান্ডিং এবং টেকসই উৎপাদনের ওপর আরও গুরুত্ব দিতে হবে।
মোঃ শরীফুল আলম বলেন, পরিবেশবান্ধব ও হাতে বোনা তাঁতপণ্য বাংলাদেশের বড় শক্তি। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে গড়ে ওঠা দক্ষ তাঁতি ও উদ্যোক্তারা বাংলাদেশের তাঁতশিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সরকার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মসলিন, জামদানি, বেনারসি ও অন্যান্য জিআই পণ্যের সংরক্ষণ ও সম্প্রসারণে কাজ করছে। এর অংশ হিসেবে রূপগঞ্জে মসলিন পল্লী ও জামদানি পল্লী প্রকল্পের কাজ চলমান রয়েছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে তাঁতিদের আন্তর্জাতিক বাজারের উপযোগী করে গড়ে তোলাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, তাঁতিদের জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট তাঁতিদের আরও সহযোগিতা করা হবে এবং তাদের সমস্যা সমাধানে বাংলাদেশ তাঁত বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
তিনি বলেন, তাঁতশিল্পের পাশাপাশি পাটশিল্প পুনরুজ্জীবনেও সরকার কাজ করছে। পাটের বীজ উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর মাধ্যমে এ খাতকে এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বন্ধ পাটকল ও বস্ত্রকলগুলোকে বেসরকারি বিনিয়োগ, জিটুজি, পিপিপি এবং দীর্ঘমেয়াদি লিজ ব্যবস্থার মাধ্যমে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদন ও শিল্পায়নে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁতশিল্পকে শুধু ঐতিহ্য হিসেবে নয়, বরং একটি সম্ভাবনাময় সৃজনশীল ও লাভজনক অর্থনৈতিক খাত হিসেবে গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ ছিদ্দীকী, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন এবং আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান উপস্থিত ছিলেন।



