আন্তর্জাতিক

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ পর্যটকের মৃত্যু

ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ১৫ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস শনিবার (১১ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে।

ভিয়েতনাম কর্তৃপক্ষের সূত্র দিয়ে ভারতীয় দূতাবাস জানিয়েছে, নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং ৪ জন ক্রু সদস্যসহ মোট ৩৬ জন আরোহী ছিলেন। দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিহতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, মৃত ১৫ জনই ভারতের দক্ষিণাঞ্চলের বাসিন্দা।

নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে হ্যানয়স্থ ভারতীয় দূতাবাস ও হো চি মিন সিটির কনস্যুলেট জানিয়েছে, যেকোনো ধরনের জরুরি সহায়তার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

নৌকাডুবির খবর পাওয়ার পরপরই ভিয়েতনাম কোস্টগার্ডের চতুর্থ অঞ্চল কমান্ড দ্রুত উদ্ধারকাজ শুরু করে। ৪০ জন কর্মকর্তা, একটি কোস্টগার্ড জাহাজ ও দুটি দ্রুতগতির উদ্ধারকারী নৌকার সাহায্যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তারা উদ্ধার অভিযান চালায়। অভিযান শেষে আরোহী ৩৬ জনকেই পানি থেকে উদ্ধার করে তীরে আনা সম্ভব হলেও ততক্ষণে ১৫ জন প্রাণ হারান। বাকি ২১ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং বর্তমানে তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ভিয়েতনামে ভারতীয় পর্যটকদের নিয়ে ঘটে যাওয়া মর্মান্তিক নৌকা দুর্ঘটনায় বেশ কয়েকটি মূল্যবান প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে ভারত সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস ভিকটিমদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে।

এই বিভাগের আরও সংবাদ