জামালপুরে লাইসেন্স নবায়ন না থাকায় রেনেসাঁ হাসপাতালে মোবাইল কোর্ট, জরিমানা


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরে লাইসেন্স নবায়ন না থাকা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দি রেনেসাঁ হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতি বার ৯ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর এবং সিভিল সার্জনের কার্যালয়, জামালপুরের যৌথ উদ্যোগে শহরের দি রেনেসাঁ হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে হাসপাতালটির লাইসেন্স নবায়ন না থাকা, ডিউটিরত চিকিৎসক উপস্থিত না থাকা এবং স্বাস্থ্যসেবা পরিচালনায় আরও কয়েকটি সামগ্রিক অসংগতি পাওয়া যায়। এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত লাইসেন্স নবায়নসহ সকল আইনগত ও প্রশাসনিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেন। একই সঙ্গে জনস্বার্থে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।



