টানা বর্ষণে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতা

কয়েক দিনের টানা বর্ষণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে রাজধানীতে শুরু হওয়া ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে যায়। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
শুক্রবার (১০ জুলাই) সকাল থেকেই ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। মতিঝিল, নয়াপল্টন, মিরপুর, কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি এলাকায় সড়কে পানি জমে যায়। অনেক জায়গায় যানবাহন ধীরগতিতে চলতে দেখা যায়, কোথাও কোথাও তৈরি হয় দীর্ঘ যানজট। বৃষ্টির পানির সঙ্গে সড়কের ময়লা-আবর্জনা মিশে পরিবেশও দুর্ভোগপূর্ণ হয়ে ওঠে।
হঠাৎ সৃষ্ট জলাবদ্ধতায় অনেক অফিসগামী মানুষ নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি। রিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকরাও বাড়তি ভাড়া দাবি করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক পথচারী বাধ্য হয়ে পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও টানা বৃষ্টির প্রভাব পড়েছে। কোথাও আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আবার পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে।
এদিকে, রাজধানী ঢাকাসহ সারা দেশে আরও দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, গত প্রায় পাঁচ দিন ধরে দেশে বৃষ্টি হচ্ছে। শুরুতে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও বর্তমানে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে।
তিনি বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাজধানীতে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতি ভারী বৃষ্টি বলা হয়। গত কয়েক দিনে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ২১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এ ছাড়া শুক্রবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত রাজধানী ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শুক্রবার দেশের প্রায় সব এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।
এছাড়াও টানা বৃষ্টির কারণে চট্টগ্রামসহ দেশের কয়েকটি জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কয়েকটি এলাকায় এখনও পানি জমে রয়েছে। রেলপথে পানি জমে থাকায় কক্সবাজারের সঙ্গে ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এদিকে অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আরও কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময়ে দেশের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।



