২৬ ও ২৮ নম্বর ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক


সিনিয়র রিপোর্টার :সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। বুধবার (৮ জুলাই) বিকেলে তিনি সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সমস্যাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পরিদর্শনের শুরুতে তিনি ২৬ নম্বর ওয়ার্ডের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা খেলার মাঠ সংস্কার, বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং বিদ্যালয়ের ভবনের দেয়াল রঙ করার দাবি জানান।
সিসিক প্রশাসক বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা হলে শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাবে।
পরে তিনি গোটাটিকর এলাকার লাল মিয়া জামে মসজিদ পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর প্রশাসক ২৮ নম্বর ওয়ার্ডের বরইকান্দি নতুন জামে মসজিদ এবং বরইকান্দি ৩ নম্বর সড়ক পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দারা সড়ক ও ড্রেনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি দ্রুত সংস্কারকাজের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীর সমস্যার সমাধানই সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব। স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিয়েই পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, বরইকান্দি নতুন জামে মসজিদের মোতাওয়াল্লি মো. ফখরুল ইসলাম, সেক্রেটারি আব্দুল কাদির, হাফিজ আব্দুল মুকিত, রফিক মিয়া, জাহেদ মিয়া, মধু মিয়া, কবির মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



