ভোলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল: অসহায় মনেজার পাশে প্রবাসী আবুল কাশেম

​ভোলা প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে ভোলার রাজাপুরের অসহায়, স্বামী-সন্তানহীন বৃদ্ধা মনেজা খাতুনের পাশে দাঁড়িয়েছেন সৌদি আরব প্রবাসী ও মানবিক ব্যক্তিত্ব আবুল কাশেম মাতাব্বর। আজ শনিবার (৪ই জুলাই) মনেজা খাতুনের বাড়িতে গিয়ে তাঁর হাতে তিন মাসের খাবার সামগ্রী, নতুন পোশাক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

​সম্প্রতি ভোলার রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মনেজা খাতুনের মানবেতর জীবনযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, বৃদ্ধ বয়সে দেখার মতো কেউ না থাকায় চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছিল তাঁর। বিষয়টি নজরে আসে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের সন্তান, সৌদি আরব প্রবাসী আবুল কাশেম মাতাব্বরের। তিনি তাৎক্ষণিকভাবে এই অসহায় বৃদ্ধার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন।

​খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশন ও দৈনিক আমাদের সময়-এর ভোলা প্রতিনিধি ইয়ামিন হোসেন, চ্যানেল নাইন-এর ভোলা প্রতিনিধি অনিক আহমেদ এবং দৈনিক সরেজমিন পত্রিকার ভোলা প্রতিনিধি বনি আমিন। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী কবির ফরাজী ও পল্লী চিকিৎসক বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

​খাদ্য ও নগদ অর্থ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা মনেজা খাতুন। তিনি অশ্রুসজল চোখে প্রবাসী আবুল কাশেম ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া করেন।

​স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী জানান, প্রবাসী আবুল কাশেম মাতাব্বর দীর্ঘদিন ধরেই নীরবে-নিভৃতে মানুষের সেবা করে যাচ্ছেন। জানা গেছে, তিনি তাঁর ব্যক্তিগত আয়ের ২৫ শতাংশ অর্থ ভোলাসহ দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে দান করে থাকেন।

​প্রবাসী আবুল কাশেমের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তাঁরা মনে করেন, সমাজের বিত্তবান ও প্রবাসীরা যদি এভাবে নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, তবে সমাজে আর কোনো মানুষ অনাহারে বা কষ্টে থাকত না।

এই বিভাগের আরও সংবাদ