‘নজরুল বর্ষের’ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


কুষ্টিয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ উদ্বোধন করেছেন। দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একসাথে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭ পালনের শুভ সূচনা করা হয়। বৃহস্পতিবার (০২ জুলাই) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
উদ্বোধনকালে কুষ্টিয়া জেলা শিল্প একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার, কুষ্টিয়ার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকুসহ জেলা প্রশাসনের উর্দ্বোতন কর্মকর্তা, জেলার ৬টি উপজেলার ইউএনও, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালিভাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণ করেননি, তবে তার হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। ১৯১৪ খ্রিষ্টাব্দে কিশোর বয়সে নজরুল প্রথমবার ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। সেই স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ খ্রিষ্টাব্দের ২৫ মে থেকে ২০২৭ খ্রিষ্টাব্দে ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়েছে। বিদ্রোহ, প্রেম, বিরহ ও তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের এক অবিস্মরণীয় নাম। পরাধীন জাতির ভাগ্যআকাশে তার আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা আজও তার সৃষ্টি থেকে পাওয়া যায়। মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার শক্তিশালী উৎস। প্রধানমন্ত্রী আরো বলেন, শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুল সমান প্রাসঙ্গিক। এ কারণেই জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করতে বছরব্যাপী নজরুল বর্ষ পালনের উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত। সে লক্ষ্যে ৬৪ জেলায় ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করা হলো।
এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হলে, সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। আনুষ্ঠানিকভাবে নজরুল সংগীতের মাধ্যমে শিল্পকলা একাডেমিতে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা।
এসময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা, ন্যায়বিচার এবং স্বাধীন চেতনার কবি। তাঁর আদর্শ আমাদের গণতন্ত্র, সামাজিক সম্প্রীতি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজও অনুপ্রেরণা জোগায়।
তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি গুরুত্বের বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি, সংস্কৃতি ও সাহিত্য জাতিকে ঐক্যবদ্ধ করে এবং দেশের উন্নয়নের পাশাপাশি একটি মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সংস্কৃতি, শিক্ষা এবং সৃজনশীল চর্চার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে।



