এইচএসসি পরীক্ষার্থীদের সিসিক প্রশাসকের শুভেচ্ছা ও শুভ কামনা


২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার (২ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার যথাযথ প্রতিফলন যেন তারা পরীক্ষায় অর্জন করতে পারে, সেই প্রত্যাশা করি। তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস, সততা ও মনোযোগের সঙ্গে প্রতিটি পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান।
সিসিক প্রশাসক বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের বিকাশের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ, আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। তাই পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের উদ্বেগ বা গুজবে কান না দিয়ে শান্ত ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি অভিভাবক, শিক্ষক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
তিনি সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, কাঙ্ক্ষিত সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।



