শীর্ষ নিউজ
শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের কার্গো হোল থেকে ১৯ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে যৌথ অভিযানে বিমানের কার্গো হোলে ১৬০টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। উদ্ধার হওয়া সোনার উৎস, কার্গো হোলে এগুলো কীভাবে রাখা হয়েছিল এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।



