আন্তর্জাতিক

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। দুর্যোগের ছয় দিন পরও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করে আশার আলো দেখিয়েছে জর্ডানের একটি উদ্ধারকারী দল।

লা গুয়াইরা রাজ্যের ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে বের করে আনার একটি ভিডিওতে দেখা যায়, সফল উদ্ধার অভিযানের পর উদ্ধারকর্মীরা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জানিয়েছেন, উদ্ধার হওয়া শিশুটির নাম ক্লিয়েবার মোরান। শিশুটির এই অলৌকিক উদ্ধারকে ‘আশার প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

জর্ডানের সিভিল ডিফেন্স জানিয়েছে, ঘটনাস্থলেই শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে রাজধানী কারাকাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে জীবিত উদ্ধার অভিযানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ক্লিয়েবারের জীবিত উদ্ধার নতুন করে আশা জাগিয়েছে।

ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে নাসা

এদিকে জাতিসংঘ সতর্ক করেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় ও স্বাস্থ্যসেবার তীব্র সংকট দেখা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক এলাকায় ত্রাণ পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।

নাসার প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত অথবা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলে স্থানীয় বাসিন্দারাও নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। তবে পর্যাপ্ত ত্রাণের অভাবে খাবার সংগ্রহকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, অন্তত ৩০ হাজার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আগামী ছয় মাসের জরুরি সহায়তা, সুরক্ষা ও অস্থায়ী আশ্রয় নিশ্চিত করতে প্রায় ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার প্রয়োজন।

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, দেশটির স্বাস্থ্যব্যবস্থা চরম চাপের মধ্যে রয়েছে। টিকাদানের হার কম থাকায় হাম ও ডিপথেরিয়ার মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।

এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। দেশীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৪৭ টন মানবিক ত্রাণ ইতোমধ্যে ভেনেজুয়েলায় পৌঁছেছে। এসব ত্রাণের মধ্যে জরুরি স্বাস্থ্যসামগ্রী, নিরাপদ প্রসবের কিট এবং নবজাতকের পরিচর্যার প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ