ভোলায় ৬ বছরের শিশুকে যৌন নির্যাতন: অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


ভোলা প্রতিনিধিঃ ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে দীর্ঘ কয়েক বছর ধরে রাজত্ব চালাচ্ছে শাহ কামাল ও শাহ জামাল নামের দুই সহোদর। রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে তোলা তাদের নিজস্ব ‘বিচ্ছু বাহিনী’র জমিদখল, চাঁদাবাজি ও নারী নির্যাতনের ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী।
সবশেষ গত ১৬ জুন ৬ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এখন ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
এক সময়কার শান্ত ভেদুরিয়া জনপদে এখন মূর্তিমান আতঙ্ক শাহ কামাল ও শাহ জামাল বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, ৩ নম্বর ওয়ার্ডের শেরে-বাংলা বাজার এলাকার শাহ কাঞ্চনের ছেলে শাহ কামাল এক সময় জুয়ার আসর পরিচালনা করতেন। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের পদ। এরপর ক্ষমতার দাপটে এলাকায় গড়ে তোলেন নিজস্ব ‘বিচ্ছু বাহিনী’।
গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকলেও, পরিস্থিতি একটু শান্ত হতেই আবারও স্বরূপে ফেরে এই চক্র। এলাকায় জমিদখল, চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই, যা করছে না এই দুই ভাই।
সবশেষ গত ১৬ জুন চানাচুরের লোভ দেখিয়ে এক ৬ বছরের শিশুকে স্কুল থেকে নিয়ে যৌন নির্যাতন করেন শাহ জামাল। এই পাশবিক ঘটনার পরেই ভেঙে যায় স্থানীয়দের দীর্ঘদিনের নীরবতা। শত ভয়ভীতি ও হুমকি উপেক্ষা করে কামাল ও জামালের শাস্তির দাবিতে রাস্তায় নেমে এসেছেন ভেদুরিয়ার মানুষ। মানববন্ধন, বিক্ষোভ আর ঝাড়ু মিছিলে উত্তাল এখন পুরো এলাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, “ওদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। মুখ খুললেই মারধর করত, পুলিশ দিয়ে হয়রানি করত। এখন ছোট ছোট বাচ্চারাও ওদের হাত থেকে রেহাই পাচ্ছে না। আমরা এই ঘটনার তীব্র ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
আরেক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এই অন্যায়ের প্রতিবাদ করায় এখন আমাদের উল্টো মিথ্যা চাঁদাবাজি মামলার হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ভোলা সদর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছে, শিশু নির্যাতনের ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান ও জোর চেষ্টা চলছে।
এদিকে, অভিযুক্ত শাহ্ কামাল ও শাহ্ জামাল বর্তমানে পলাতক থাকায় এবং তাদের বাড়িতে কাউকে না পাওয়ায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রশাসনের কাছে ভুক্তভোগী ও স্থানীয় জনপদের একটাই দাবি—দ্রুত এই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।



