আন্তর্জাতিক

সোমবার পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (২২ জুন) পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে খবর দিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে সরকারের একটি সূত্র জানিয়েছে, স্টারমার এখনো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের দিকেই মনোযোগী রয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার সোমবার পদত্যাগের পাশাপাশি তার বিদায়ের একটি সময়সূচিও ঘোষণা করতে পারেন বলে অবজারভার জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে নিজ দল লেবার পার্টির ভেতর থেকেই ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন স্টারমার। শুক্রবার তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় পাওয়ার পর নেতৃত্ব নিয়ে জল্পনা আরও জোরালো হয়। এর ফলে বার্নহামের জন্য দলীয় নেতৃত্বে চ্যালেঞ্জ জানানোর পথ উন্মুক্ত হয়েছে।

অবজারভার জানিয়েছে, পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে আলোচনা করছেন স্টারমার। লেবার পার্টির শীর্ষ নেতারাও সোমবারের মধ্যেই তার ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট অবস্থান জানতে চান।

তবে শুক্রবার স্টারমার বলেছিলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এলে তিনি তা মোকাবিলা করবেন। একই সঙ্গে দলীয় কোন্দল এড়িয়ে লেবার পার্টিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে স্টারমারের নেতৃত্বে বড় জয় পেয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি। কিন্তু ক্ষমতায় আসার দুই বছরের মধ্যেই তার জনপ্রিয়তায় বড় ধরনের পতন দেখা গেছে। জীবনমান উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে ভোটারদের একাংশের মধ্যে হতাশা তৈরি হয়েছে, যা তার নেতৃত্বকে আরও চাপে ফেলেছে।

সূত্র: রয়টার্স, অবজারভার

এই বিভাগের আরও সংবাদ