ভোলা

ভোলায় রোহিঙ্গা সংক্রান্ত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের কিছু নাগরিককে রোহিঙ্গা পরিচয়ে ভুয়া ঠিকানা ব্যবহার করে জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুতুবা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল বারেক ও চেয়ারম্যান নাজমুল আহসান যোবায়েদ মিয়া।

২০ মে শনিবার নিজ ইউনিয়নে সংবাদ সম্মেলনে মোঃ আব্দুল বারেক দাবি করেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব সংবাদে কুতুবা ইউনিয়নের কয়েকজন নাগরিকের জন্মনিবন্ধন ও ভোটার নিবন্ধন নিয়ে প্রশ্ন তুলে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, যাদের বিরুদ্ধে পরোক্ষভাবে অভিযোগ আনা হয়েছে তারা সবাই কুতুবা ইউনিয়নের স্থায়ী ও প্রকৃত বাসিন্দা। তাদের পরিবার ও পূর্বপুরুষ দীর্ঘদিন ধরে এ এলাকার বাসিন্দা এবং ভোটার হিসেবে পরিচিত। কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান যোবায়েদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাদের পরিচয় সম্পর্কে অবগত রয়েছেন। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য ও স্থানীয় বিশিষ্টজনদের সামনে উপস্থিত করে তাদের পরিচয় যাচাই করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

মোঃ আব্দুল বারেক বলেন, কোনো সুনির্দিষ্ট তদন্ত বা প্রমাণ ছাড়াই একজন নাগরিককে রোহিঙ্গা কিংবা ভিন্ন এলাকার বাসিন্দা হিসেবে আখ্যায়িত করা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন কাজ। এতে শুধু ব্যক্তি ও পরিবারের সম্মানহানি হয় না, বরং এলাকায় বিভ্রান্তি ও অস্থিরতারও সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, তার চাকরির মেয়াদ শেষ হতে আর মাত্র এক মাস বাকি। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা করে আসছেন। তাই তাকে বা তার কর্মস্থলকে জড়িয়ে কোনো ভিত্তিহীন তথ্য প্রচার করা তাকে ব্যক্তিগতভাবে মর্মাহত করেছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। এ বিষয়ে তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন। তবে তদন্তের আগেই কাউকে অপরাধী বা ভুয়া পরিচয়ের ব্যক্তি হিসেবে প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, একপাক্ষিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে যথাযথ যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করা উচিত।

পরে কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান যোবায়েদ মিয়া বলেন, যাদের জন্মনিবন্ধন ও ভোটার নিবন্ধন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তারা সবাই কুতুবা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তাদের পরিবার ও পূর্বপুরুষ দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করে আসছেন এবং তিনি ব্যক্তিগতভাবে তাদের সবাইকে চেনেন ও জানেন।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আইন ও বিধি-বিধান মেনেই সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কোনো প্রকার অসত্য বা অবৈধ তথ্যের ভিত্তিতে জন্মনিবন্ধন কিংবা অন্য কোনো সনদ প্রদান করা হয়নি। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমার কলমের দ্বারা কোনো অন্যায় হতে পারে না। আমি সবসময় জনগণের স্বার্থ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করেছি।”

পরিশেষে বক্তারা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ