ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ননদ ও জা আটক


ভোলা প্রতিনিধি : ভোলার সদর হাসপাতালে কারিমা (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে চলা শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ননদ ও জা-কে আটক করেছে পুলিশ।
নিহত কারিমা ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট এলাকার সৌদি প্রবাসী ফরিদের স্ত্রী।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার অজ্ঞাত পরিচয় হিসেবে কারিমাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, “গতকাল অজ্ঞাত পরিচয়ে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে তার স্বজনরা হাসপাতালে আসেন। নিহতের শরীরে আপাতদৃষ্টিতে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে তিনি মানসিকভাবে বেশ অসুস্থ ছিলেন।
কারিমার পরিবারের সদস্যদের দাবি, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য কারিমার ওপর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন চালিয়ে আসছিল। স্বামী ফরিদ সৌদি আরবে থাকায় ননদ রেহেনাসহ পরিবারের অন্য সদস্যরা প্রায়ই তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করত। এই নির্যাতনের কারণেই কারিমার মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভোলা সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ননদ ও জা-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



