সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ক্ষতিকর রঙ ব্যবহারের দায়ে চিপস কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে খাবারে নিষিদ্ধ হাইড্রোজ ও ক্ষতিকর রঙ ব্যবহারের দায়ে একটি চিপস কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানায় তৈরি প্রায় ৩৫ মণ চিপস ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রায়গঞ্জ উপজেলার হাসিলদহ ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থিত আর এফ ফুড প্রোডাক্টস নামের চিপস কারখানায় নিরাপদ খাদ্য আইনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করা হচ্ছে এবং খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ ও ক্ষতিকর রঙ ব্যবহার করা হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কারখানায় মজুত ও উৎপাদিত প্রায় ৩৫ মণ চিপস ধ্বংস করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মো. সোহেল শেখ, রায়গঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহিম হোসেন এবং ক্যাবের যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ