ব্রাহ্মণবাড়িয়ায় আধুনিক উপশহর গড়ার স্বপ্ন কবীর আহমেদ ভূঁইয়ার


ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি আধুনিক, পরিবেশবান্ধব ও পরিকল্পিত উপশহর প্রতিষ্ঠার লক্ষ্যে গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেছেন কসবা-আখাউড়ার গণমানুষের প্রিয় নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রস্তাবিত স্থান পরিদর্শনে এসে সম্ভাব্যতা যাচাই করেছেন। এই উদ্যোগকে ব্রাহ্মণবাড়িয়াবাসী অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন।
এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ কবীর আহমেদ ভূঁইয়াকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে বিজয়নগর উপজেলার শিমলা রোড সংলগ্ন বিস্তীর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিনসহ জেলার বিভিন্ন স্তরের ছাত্র ও যুবনেতৃবৃন্দ।
কবীর আহমেদ ভূঁইয়া জানান, প্রস্তাবিত এই উপশহর শুধু একটি আবাসন প্রকল্প নয়। এটি হবে একটি সুস্থ, নিরাপদ, পরিবেশবান্ধব ও নাগরিক সুবিধাসম্পন্ন নগরায়ণের পূর্ণাঙ্গ মডেল। প্রায় ৩৬ লাখ মানুষের এই জেলার আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক ও সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা সম্ভব।



