আন্তর্জাতিক

বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ হাব: পররাষ্ট্রমন্ত্রী

বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশকে বিনিয়োগের জন্য স্থিতিশীল, পূর্বানুমানযোগ্য ও উন্মুক্ত গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম বিনিয়োগ হাব হিসেবে প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য।

শনিবার (১৩ জুন) রাজধানীতে আয়োজিত ‘রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট, বাণিজ্য ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও সরকার চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরের চেষ্টা করছে। তিনি বলেন, জ্বালানি সংকটের প্রভাব ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও বড় হতে পারে, যা ১৯৮০-এর দশককে অনেক উন্নয়নশীল দেশের জন্য ‘হারানো দশক’ হিসেবে পরিণত করেছিল।

খলিলুর রহমান আরও বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের একটি সুস্পষ্ট ভিশন রয়েছে, যার মূল লক্ষ্য হলো স্থিতিশীলতা নিশ্চিত করা, কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করা এবং উন্নয়ন ত্বরান্বিত করা।

তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য আস্থা ও বিশ্বাস পুনর্গঠন অত্যন্ত জরুরি। দেশীয় উদ্যোক্তা, সাধারণ নাগরিক ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও ব্যবসাবান্ধব গন্তব্য হিসেবে উপস্থাপন করতে সরকার কাজ করছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু বিনিয়োগ আকর্ষণ নয়, বরং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করা।

এই বিভাগের আরও সংবাদ