জাতীয়শীর্ষ নিউজ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করার জন্য জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দায়ের হওয়া রাজনৈতিক মামলাগুলো এ উদ্যোগের আওতায় বিবেচিত হবে।

সম্প্রতি প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখা থেকে জারি করা সংশোধিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতির পর এই কমিটি গঠন করা হয়েছে।

জেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট। সদস্য হিসেবে থাকবেন পুলিশ সুপার (মহানগর এলাকায় একজন ডেপুটি কমিশনার), পাবলিক প্রসিকিউটর বা মহানগর পাবলিক প্রসিকিউটর। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে মামলার আবেদন ও নিষ্পত্তির বিস্তারিত কর্মপদ্ধতিও নির্ধারণ করা হয়েছে। আসামি বা তার নিকটাত্মীয়রা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে মামলার দলিলপত্রের আইনজীবী কর্তৃক সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আবেদন পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট তা পাবলিক প্রসিকিউটরের মতামতের জন্য পাঠাবেন। পাবলিক প্রসিকিউটর ১৫ কর্মদিবসের মধ্যে মতামত দেবেন। এরপর জেলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।

কমিটির কাছে যদি প্রতীয়মান হয় যে মামলাটি রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে হয়রানির জন্য দায়ের করা হয়েছে, তবে মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। আবেদন পাওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটকে সুপারিশসহ তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

একই সঙ্গে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জারি করা পূর্বের পরিপত্র বাতিল করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ