ভোলা

ভোলা হাসপাতালে চিকিৎসক-নার্স সংকট: ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

ইয়ামিন হোসেন,ভোলা: ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তীব্র চিকিৎসক ও নার্স সংকটের কারণে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা।

জেলা সদরের একমাত্র প্রধান এই সরকারি হাসপাতালটিতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত রোগী আসলেও প্রয়োজনীয় জনবলের অভাবে তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার এই হাসপাতালে মঞ্জুরীকৃত পদের তুলনায় অর্ধেকেরও কম চিকিৎসক ও নার্স কর্মরত আছেন। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের (কনসালটেন্ট) অধিকাংশ পদই দীর্ঘদিন ধরে শূন্য। গাইনি, কার্ডিওলজি, অর্থোপেডিকস ও শিশু বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসক না থাকায় সাধারণ রোগীদের চিকিৎসার জন্য বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা বরিশাল-ঢাকা ছুটতে হচ্ছে।

​রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, বহির্বিভাগে টিকিট কেটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ডাক্তারের দেখা মিলছে না।

ইনডোরে ভর্তি হওয়া রোগীদের অবস্থাও করুণ নার্স সংকটের কারণে সময়মতো ওষুধ বা স্যালাইন দেওয়া সম্ভব হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

​ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ তৈয়ুবুর রহমান জানান, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। তবে বর্তমান সীমিত জনবল দিয়েই সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন। দ্রুত এই সংকট সমাধান করা না হলে জেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পুরোপুরি অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ