সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর


ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আরও সুসংগঠিতভাবে আন্দোলন গড়ে তুলতে বিরোধী দলগুলোর প্রতি একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, নিজেদের মধ্যে মতভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে না পড়ে দেশ ও সংবিধান রক্ষার স্বার্থে সব বিরোধী শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে।
সোমবার (৮ জুন) নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় উন্নয়নমূলক অন্তর্ভুক্তিমূলক জোটের বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে ২৩টি বিরোধী রাজনৈতিক দলের নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ মিনিটের বক্তব্যে রাহুল গান্ধী জোটসঙ্গীদের উদ্দেশে বলেন, ‘ক্ষমতাসীন দলকে পরাজিত করা অসম্ভব নয়। তবে তার জন্য বিরোধীদের মধ্যে ঐক্য ও সমন্বয় প্রয়োজন।’
তিনি সতর্ক করে বলেন, ‘জোটের কোনো দল যেন অন্য দলকে দুর্বল করার চেষ্টা না করে। এতে সামগ্রিক বিরোধী আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে।’
রাহুল গান্ধী বক্তব্যে ভোটার তালিকা সংশোধন এবং ভোট প্রক্রিয়া নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ভোট চুরির মতো গুরুতর বিষয়ে বিরোধী জোটের সব দল একসঙ্গে সরব হয়নি। ফলে জনগণের সামনে শক্তিশালী বার্তা পৌঁছানো সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে জোটের শরিক দলগুলো কংগ্রেসকেও প্রকাশ্যে সমালোচনার লক্ষ্যবস্তু করেছে। এতে জোটের মূল উদ্দেশ্য বাধাগ্রস্ত হয় এবং বিরোধী ঐক্যের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বৈঠকে ভোটার তালিকা পর্যালোচনা এবং বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়।
এ সময় বিরোধীদলীয় নেতারা অভিযোগ করেন, এসব উদ্যোগের মাধ্যমে ভোট ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিক আবেদন জানানোর বিষয়ে বৈঠকে ঐকমত্য গড়ে ওঠে।
বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের জানান, বিরোধী জোট দেশের যুবসমাজ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমন্বয়ের বিষয়কে গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত আলোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য এখন থেকে প্রতি দুই মাস অন্তর জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।
খাড়গে জানান, জোটের পরবর্তী বৈঠক আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভারতের সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনকে সামনে রেখে বিরোধী দলগুলো নিজেদের অবস্থান আরও সুসংহত করার উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান।
তার ভাষায়, সংসদের ভেতরে ও বাইরে গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ এবং ভোটাধিকার রক্ষার প্রশ্নে বিরোধীরা সমন্বিত অবস্থান গ্রহণ করবে।



