আগামী শিক্ষাবর্ষ থেকে আরও ৪ বিষয় যুক্ত হবে: শিক্ষামন্ত্রী


আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন শ্রেণিতে কারিকুলামে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস এই চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে।
তিনি বলেন, কারিকুলাম পরিবর্তন তিন মাসে সম্ভব নয়। কিছুটা পরিবর্তন করে ২০২৭ সালে পাঠ্যবই দেওয়া হবে। আর সার্বিক পরিবর্তন করে ২০২৮ সালের পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা।
এ সময় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা এখনো চলমান আছে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।



