কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে, নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে, সানাউল্লাহ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন যুবকসহ স্থানীয় লোকজন অংশ নেন। একপর্যায়ে কবরস্থানে কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে লাগে। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
কসবা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।



