আইন ও আদালত

ভাইয়ের মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ

এবার ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক কৌঁসুলি ব্যারিস্টার তুরিন আফরোজকে। সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসাইন তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠান।

বাদীপক্ষের আইনজীবী কফিল মাহমুদ রায়হান বলেন, তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আজ শুনানির জন্য ছিল। শুনানির সময় তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির মাধ্যমে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ তুলে তুরিন আফরোজের বিরুদ্ধে ২০২৪ সালের ১২ ডিসেম্বর আদালতে মামলা করেন তার ভাই শাহ নেওয়াজ আহাম্মদ। এরপর গত বছরের ২৩ জুলাই আদালতে প্রতিবেদন জমা দেন পিবিআই পরিদর্শক মমিনুল ইসলাম।

প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষ্য প্রমাণে, সাক্ষীদের জবানবন্দিতে, দালিলিক সাক্ষ্য পর্যালোচনায় ও ঘটনার পারিপার্শ্বিকতায় জানা গেছে, তুরিন আফরোজ লোকজন নিয়ে তার মায়ের বাসায় অনধিকার প্রবেশ করেন৷ পরে আসবাবপত্র ভাংচুর করে তার মায়ের কাছ থেকে জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র জোর করে ছিনিয়ে নেন। প্রতারণার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে হলফনামা তৈরি করেন। এছাড়া মামলার বাদী ও তার মাকে প্রাণনাশের হুমকি দেন।

যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেয় প্রসিকিউটর ছিলেন আইনজীবী তুহিন আফরোজ। জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের মামলাসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলা পরিচালনায় তিনি ভূমিকা রাখেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধ মামলা চলার মধ্যে তার সঙ্গে গোপন বৈঠকের ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিনকে অপসারণ করে তখনকার আওয়ামী লীগ সরকার।

২০১৮ সালের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তুরিন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ