পুশইনে ব্যর্থ হয়ে সেই নারী-পুরুষদের ফিরিয়ে নিয়েছে ভারত


লালমনিরহাটের তিনটি উপজেলার পৃথক চার সীমান্ত দিয়ে পুশইনে ব্যর্থ হয়ে শিশু ও নারীসহ ৩৩ জনকে আবারও সীমান্তের ওপারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ জুন) রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে পুশইন করা লোকজনকে শুক্রবার রাতে আবারও ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে পাটগ্রামের পয়ষট্টিবাড়ি সীমান্তে বিজিবির বাধায় শূন্যরেখার কাছে আটকে থাকা লোকজনকে শনিবার সকালে নিজেদের দেশের অভ্যন্তরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এছাড়া লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিতমারীর দুর্গাপুর সীমান্তের ভারতীয় অংশে আটকে থাকা লোকজন শুক্রবার রাতে দেশটির আরও অভ্যন্তরে চলে গেছে।
জেলার সবগুলো সীমান্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার ভোরের দিকে জেলার চার সীমান্ত দিয়ে শিশু, নারীসহ ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ হয় বিএসএফ।



