লেবাননের আরও গভীরে অভিযান চালানোর নির্দেশ নেতানিয়াহুর


সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই জোরদার করতে লেবাননের আরও গভীরে ইসরায়েলি সেনাদের অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (৩১ মে) এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমি সেনাবাহিনীকে লেবাননে তাদের স্থল অভিযান আরও বিস্তারের নির্দেশ দিয়েছি।’ খবর রয়টার্সের।
গত ২ মার্চ ইরানের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা শুরু করার পর থেকেই সংঘাতের সূত্রপাত ঘটে। এরপর থেকে ইসরায়েলি হামলা ও সরিয়ে নেওয়ার নির্দেশনার কারণে লেবাননে ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
লেবানন সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সংঘাতে ৩ হাজার ৩৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, একই সময়ে তাদের ২৪ সেনা ও চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হিজবুল্লাহর হামলার কারণে উত্তর ইসরায়েলের হাজার হাজার বাসিন্দাকেও বাড়িঘর ছাড়তে হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ অভিযানে তারা দক্ষিণ লেবাননের প্রায় ৯০০ বছর পুরোনো বিউফোর্ট দুর্গ দখল করেছে। নেতানিয়াহু বলেন, তার লক্ষ্য হলো ‘হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে ইসরায়েলের উপস্থিতি আরও গভীর ও বিস্তৃত করা।’
যুদ্ধবিরতি সত্ত্বেও এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ সম্প্রতি দক্ষিণ লেবাননে কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে বলে ইসরায়েল দাবি করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যে লেবাননের লিতানি নদী পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে তারা আরও উত্তরে জাহারানি নদীর দিকে অগ্রসর হচ্ছে, যা লিতানি নদী থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
লেবাননের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ৪০টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।



