খেলাধুলা

আইপিএলে একক আধিপত্য বৈভবের, গড়লেন পুরস্কার জয়ের অনন্য রেকর্ড

আইপিএলের ফাইনালের রাতে রাজস্থান রয়্যালসের উপস্থিতি ছিল না। তবে শিরোপার লড়াই থেকে দূরে থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে পুরো আলো নিজের করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে সম্ভাব্য সব ব্যক্তিগত পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন এই বাঁহাতি ওপেনার।

আহমেদাবাদে রবিবারের ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শেষে দীর্ঘ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বারবার ডাক পড়েছে বৈভবের। কারণ ব্যাট হাতে স্বপ্নের মতো এক টুর্নামেন্ট কাটিয়েছেন তিনি।

রাজস্থান ফাইনালে উঠতে না পারায় চ্যাম্পিয়ন ট্রফিটি শুধু জিততে পারেননি বৈভব। এছাড়া ১৬ ইনিংসে ৪৮.৫০ গড় ও অবিশ্বাস্য ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের অরেঞ্জ ক্যাপ ও ১০ লাখ রুপি জিতেছেন বৈভব।

টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ৭২টি ছক্কার রেকর্ড গড়ে সর্বোচ্চ ছক্কার পুরস্কারও জিতেছেন বৈভব। সুদৃশ্য ট্রফির পাশাপাশি এই পুরস্কারও ছিল ১০ লাখ টাকার। একইসঙ্গে সর্বোচ্চ স্ট্রাইক রেটের সৌজন্যে একটি বিলাসবহুল গাড়িও জেতেন ভারতের বিস্ময়বালক।

এখানেই শেষ নয়। টুর্নামেন্টজুড়ে সবাইকে পেছনে ফেলে ৪৩৬.৫০ পয়েন্ট পেয়ে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হিসেবে ১৫ লাখ রুপি পুরস্কার পান ১৫ বছর বয়সী ব্যাটার। এর সঙ্গে যোগ হয় ‘ইমার্জিং প্লেয়ার অব দা সিজন’ হিসেবে ১০ লাখ রুপির পুরস্কার।

আইপিএলের দীর্ঘ ১৯ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একই মৌসুমে ‘ইমার্জিং প্লেয়ার অব দা সিজন’ ও ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পুরস্কার জেতার রেকর্ড গড়েছেন বৈভব। তার আগে এই কৃতিত্ব দেখাতে পারেননি আর কেউ।

ব্যাট হাতে কোনো বোলারকে ভয় না পেলেও, এত এত পুরস্কার জেতার পর সাক্ষাৎকার পর্বে কিছুটা ভয় পাওয়ার কথা বলেন বৈভব।

“ভালো লাগছে, তবে সাক্ষাৎকার দিতে হচ্ছে বলে কিছুটা চাপও আছে। অবশ্যই গর্বের মুহূর্ত। আগামী মৌসুমেও ভালো করার চেষ্টা করব। আমি সব সময় নিজের খেলায় আস্থা রাখি। বল যদি মারার মতো জায়গায় থাকে, তাহলে পুরো আত্মবিশ্বাস নিয়ে শট খেলি। এভাবেই খেলতে পছন্দ করি।”

এই মৌসুম থেকে কী শিখেছেন জানতে চাইলে বিশদ উত্তর দেন ভারতের বিস্ময়বালক।

“চাপের মধ্যে কীভাবে খেলতে হয়, ম্যাচভেদে নিজেকে কীভাবে বদলাতে হয়- এগুলোই এই মৌসুমে সবচেয়ে বড় শিক্ষা। প্রতিটি ম্যাচ একই ছন্দে খেলা যায় না। ম্যাচের পরিস্থিতি বুঝে ও দলের চাহিদা অনুযায়ী ব্যাট করতে হয়। ফিটনেস নিয়েও আমি কাজ করছি। দীর্ঘ সময় খেলতে হলে চোটমুক্ত থাকতে হবে। সে জন্য ফিটনেসের ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে।”

এই বিভাগের আরও সংবাদ