খেলাধুলা

মেসিসহ একাধিক তারকার ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

বিশ্বকাপ সামনে রেখে লিওনেল মেসির ফিটনেস এখন আর্জেন্টিনা শিবিরের অন্যতম বড় আলোচনার বিষয়। তবে লিওনেল স্ক্যালোনির দুশ্চিন্তা শুধু মেসিকে ঘিরে নয়, চূড়ান্ত দল ঘোষণার আগে আরও কয়েকজন ফুটবলারের শারীরিক অবস্থাও ভাবাচ্ছে আর্জেন্টিনা কোচকে।

হ্যামস্ট্রিং সমস্যায় ভুগলেও মেসির ষষ্ঠ বিশ্বকাপ খেলা নিয়ে বড় কোনো শঙ্কা নেই। তবে মঙ্গলবার ডি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্ক্যালোনি জানান, আর্জেন্টিনা অধিনায়ক পুরোপুরি ফিট অবস্থায় বুয়েনস আয়ার্সে দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবেন না।

স্ক্যালোনি বলেন, ‘প্রাথমিক রিপোর্ট খুব একটা খারাপ নয়। এখন দেখতে হবে সে কীভাবে উন্নতি করে এবং পরবর্তী পরীক্ষার ফল কী আসে।’

গত রবিবার ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের জয়ের ম্যাচে ৭৩ মিনিটে বদলি হন মেসি। পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েছে। আগামী কয়েক দিনে তাঁর অবস্থার উন্নতির ওপরই মাঠে ফেরার সময় নির্ভর করবে।

স্ক্যালোনি বলেন, ‘আমরা সবাই চাই মেসি পুরোপুরি ফিট অবস্থায় দলে যোগ দিক। কিন্তু বাস্তবতা ভিন্ন। শুধু সে নয়, আরও কয়েকজন খেলোয়াড় এখনো পুরোপুরি সেরে ওঠেনি। তাঁদের পুনর্বাসনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে বিশ্বকাপে সেরা অবস্থায় খেলতে পারে।’

আর্জেন্টিনা দলে চোটের তালিকায় রয়েছেন কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক ইউরোপা লিগ ফাইনালের ওয়ার্ম-আপে ডান হাতের অনামিকায় চোট পান। তবে সেই চোট তাঁকে পরের ম্যাচ খেলতে বাধা দেয়নি।

এ ছাড়া টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো হাঁটুর লিগামেন্ট ইনজুরি কাটিয়ে ফেরার চেষ্টা করছেন। অ্যাতলেতিকো মাদ্রিদের নাহুয়েল মোলিনা ও রিভার প্লেটের গনসালো মন্তিয়েল মাংসপেশির চোটে ভুগছেন। এছাড়া কোমোর মিডফিল্ডার নিকো পাজ ও উইঙ্গার নিকোলাস গনসালেসও পুরোপুরি ফিট নন।

স্ক্যালোনি জানান, ২ জুন ফিফার কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার আগ পর্যন্ত ইনজুরিতে থাকা খেলোয়াড়দের পর্যবেক্ষণে রাখা হবে। মেসিসহ বেশ কয়েকজন ফুটবলার বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে না-ও খেলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এই পরিস্থিতিতে ৬ জুন হন্ডুরাস ও ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বড় দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

এই বিভাগের আরও সংবাদ