পেশির চোট নিয়ে চিন্তিত নন নেইমার


বিশ্বকাপ দল ঘোষণার পর পাওয়া পেশির চোট নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন ব্রাজিল তারকা নেইমার। তার বিশ্বাস, এই ইনজুরি আসন্ন বিশ্বকাপে খেলায় কোনো বড় বাধা তৈরি করবে না।
সান্তোসের হয়ে আর মাঠে নামবেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। খুব শিগগিরই তিনি ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।
মঙ্গলবার দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ের ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন নেইমার। বিশ্বকাপের আগে চোট নিয়ে শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, “কী সমস্যা?”
গত ১৭ মে কুরিচিবার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার। তবে তার দাবি, চোটটি গুরুতর নয় এবং পেশিও ঠিক আছে।
যদিও নেইমার আত্মবিশ্বাসী, তবু তাকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ। তার জন্য বিশেষ পুনর্বাসন ও ফিটনেস পরিকল্পনা তৈরি করা হয়েছে।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের পেশির সমস্যা প্রথমে যতটা ছোট মনে হয়েছিল, বাস্তবে সেরে উঠতে তার চেয়ে বেশি সময় লাগতে পারে। ফলে ব্রাজিলের আসন্ন দুটি প্রীতি ম্যাচে তার খেলার সম্ভাবনা খুব কম।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের মিশন শুরু করবে ব্রাজিল। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ ৭৯ গোলের মালিক নেইমার ২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোট পাওয়ার পর আর ব্রাজিলের জার্সিতে খেলেননি।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এটি হবে তার চতুর্থ বিশ্বকাপ।



