বৃষ্টি উপেক্ষা করে মুন্সীগঞ্জে সৌদির সাথে মিল রেখে ঈদ জামাত সম্পন্ন


মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার পাঁচটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। তবে সকাল থেকে প্রবল বর্ষণ ও দমকা হাওয়ার কারণে পূর্বনির্ধারিত সময় পরিবর্তন করে দেড় ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,আজ বুধবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শিলই, আধারা ও মোল্লাকান্দিসহ পাঁচটি গ্রামের বাসিন্দাদের ঈদের নামাজ আদায়ের কথা ছিল। কিন্তু আকস্মিক ঝড়-বৃষ্টিতে ঈদগাহ মাঠের শামিয়ানা ও ত্রিপল উপড়ে গেলে সাময়িক বিঘ্ন ঘটে। পরবর্তীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই বেলা ১১ টার দিকে শিলই উত্তরকান্দি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা বাচ্চু মুন্সী।
জাহানগীরা তরিকার অনুসারী এই পাঁচ গ্রামের প্রায় পাঁচ শতাধিক মুসল্লি পৃথক পৃথক জামাতে অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এরপর মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং যার যার সাধ্যমতো পশু কোরবানি দেন।
শিলই ইউনিয়ন ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মঈনুল মাঝি জানান, “দীর্ঘদিন ধরেই আমরা সৌদি আরবের সাথে মিল রেখে সারা দেশের সাথে একযোগে একই দিনে ঈদ উদযাপন করে আসছি। আজ বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও আল্লাহর রহমতে শেষ পর্যন্ত সুন্দরভাবে নামাজ সম্পন্ন হয়েছে।”
সার্বিক নিরাপত্তার বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) অমল সরকার জানান, প্রতি বছরের মতো এবারও গ্রামগুলোতে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে। মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ ও ধর্মীয় আচার সম্পন্ন করতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।



