ইসরাইলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক ‘স্বাভাবিক’ চান ট্রাম্প, এর অর্থ কী?


মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংবেদনশীল শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলেছেন। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে বড় ধরনের আঞ্চলিক চুক্তির অংশ হিসেবে বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই দাবি যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টাকে ব্যাপকভাবে জটিল করে তুলতে পারে।
সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে ট্রাম্প বলেছেন, সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর এবং জর্ডানের মতো দেশগুলোকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তির মাধ্যমে ইসরাইল ও কয়েকটি আরব দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র এত কষ্ট করে এই জটিল সমস্যা সমাধানের চেষ্টা করছে, তাই এসব দেশের সবাইকে একসঙ্গে অন্তত আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করতে হবে।’ পরে তিনি আরও কঠোর অবস্থান নিয়ে বলেন, সৌদি আরব ও কাতারকে ‘প্রথমে স্বাক্ষর করতে হবে’ এবং যেসব দেশ এতে যোগ দিতে অস্বীকার করবে, ‘তাদের এই চুক্তির অংশ হওয়া উচিত নয়’।
এমনকি ট্রাম্প এও বলেছেন যে, ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তি হলে ইরানও একদিন আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে পারে। তিনি লিখেছেন, ‘ওয়াও, এটা হলে সত্যিই অসাধারণ কিছু হবে! এটাই হবে এই সব মহান কিন্তু সবসময় সংঘাতে জড়িত দেশগুলোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি।’
আব্রাহাম অ্যাকর্ডস কী?
আব্রাহাম অ্যাকর্ডস হলো ২০২০ সালে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল এবং কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি। এর নামকরণ করা হয়েছে ইহুদি, খ্রিস্ট ও ইসলাম ধর্মে সম্মানিত পিতৃপুরুষ হজরত ইব্রাহিমের (আব্রাহাম) নামে, যা ধর্ম ও জাতির মধ্যে ঐক্যের প্রতীক।
এই চুক্তিতে যোগ দিলে কী হয়?
– দেশগুলো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়
– কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে
– দূতাবাস খোলে
– বাণিজ্য, পর্যটন ও নিরাপত্তা সহযোগিতা বাড়ায়
কোন কোন দেশ যোগ দিয়েছে?
সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, মরক্কো ও সুদান এরই মধ্যে এই চুক্তিতে স্বাক্ষর করেছে। ২০২০ সালে প্রথমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন এই চুক্তিতে স্বাক্ষর করে, পরে মরক্কো ও সুদান যোগ দেয়। ট্রাম্প এটিকে আঞ্চলিক রাজনীতির এক ‘ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য’ হিসেবে অভিহিত করেন।
কেন এটা গুরুত্বপূর্ণ?
এই চুক্তির মাধ্যমে আরব দেশগুলোর দশকের পর দশক ধরে চলে আসা নীতি ভেঙে যায়। আগে তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সঙ্গে যুক্ত করত। কিন্তু এই চুক্তি স্বাক্ষরের পর এ ব্যাপারে তারা কার্যত চুপ।
কেন বিতর্কিত?
পর্যবেক্ষকরা বলেন, এই চুক্তিগুলো ফিলিস্তিনি ইস্যুকে পাশ কাটিয়ে গেছে এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সমাধান করেনি। সৌদি আরব ও কাতারের মতো দেশ বারবার বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনে অগ্রগতি না হলে তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না।
ট্রাম্প গত সোমবার (২৫ মে) বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি হয় ‘অসাধারণ ও অর্থপূর্ণ’ হবে — নয়তো ‘কোনো চুক্তিই হবে না’। তবে আব্রাহাম অ্যাকর্ডসকে আরও বিস্তৃত করার প্রস্তাব মধ্যপ্রাচ্যে রাজনৈতিকভাবে বড় ধরনের বিস্ফোরক প্রভাব ফেলতে পারে।
চুক্তিতে যোগ দেয়ার অর্থ কী?
বাস্তবিক অর্থে, আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়া মানে:
– আনুষ্ঠানিকভাবে ইসরাইলকে স্বীকৃতি দেয়া
– কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা
– অর্থনৈতিক, নিরাপত্তা ও রাজনৈতিক সহযোগিতা ব্যাপকভাবে বাড়ানো
তবে আরব ও মুসলিম বিশ্বের বড় একটি অংশের কাছে এই চুক্তিগুলো এখনও খুব অজনপ্রিয়। কারণ এতে ফিলিস্তিনি ইস্যুকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো শর্ত রাখা হয়নি।
এটাই সৌদি আরব ও কাতারের মতো দেশগুলোর জন্য বড় বাধা। এই দুই দেশ বারবার বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সুস্পষ্ট অগ্রগতি না হলে তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না।
ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাবটি এজন্যও আলোচনায় এসেছে যে, তিনি যেসব দেশের নাম বলেছেন—তুরস্ক, মিশর ও জর্ডান—তাদের মধ্যে কয়েকটির ইসরাইলের সঙ্গে ইতিমধ্যেই কূটনৈতিক সম্পর্ক রয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প তবু জোর দিয়ে বলেছেন যে, এই দেশগুলোকে আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে হবে—যা তিনি একটি বড় আঞ্চলিক জোট হিসেবে দেখতে চান।
বিশ্লেষকরা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জনগণের ক্ষোভকে হয়তো খাটো করে দেখছে।
‘অপ্রয়োজনীয় জটিল ও বাস্তবসম্মত নয়’
ওয়াশিংটনের আরব গাল্ফ স্টেটস ইনস্টিটিউটের বিশ্লেষক আন্না জ্যাকবস বলেন, ইরান, গাজা ও লেবাননে সংঘাত চলতে থাকায় উপসাগরীয় দেশগুলো এমন দাবি মেনে নেবে না।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অসতর্ক সিদ্ধান্তের কারণে উপসাগরীয় দেশগুলোর জাতীয় নিরাপত্তা আগের চেয়ে বেশি হুমকির মুখে। অথচ তিনি আশা করছেন আরব দেশগুলো তাঁকে ধন্যবাদ জানিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে—যা এই পর্যায়ে তারা করবে না।’
‘এই প্রশাসনের এমন প্রত্যাশা দেখে বোঝা যায়, তারা মধ্যপ্রাচ্য সম্পর্কে খুব কমই বোঝেন।’
ইসরাইলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান শাপিরোও সতর্ক করে বলেছেন, আব্রাহাম অ্যাকর্ডসকে সম্প্রসারণের সঙ্গে ইরান যুদ্ধ শেষ করাকে যুক্ত করা ‘অপ্রয়োজনীয় জটিল ও বাস্তবসম্মত নয়’।
তিনি এক এক্স বার্তায় লিখেছেন, ‘ট্রাম্প প্রকাশ্যে দাবি করছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তির অংশ হিসেবে এই নেতারা লাইনে আসবেন—এটা কাজ করবে না।’
এই কূটনৈতিক চাপ এমন সময় এসেছে যখন তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তির আশা অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। যুদ্ধ বন্ধে আলোচনা চলার মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় সোমবার (২৫ মে) ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন বসানোর জন্য ব্যবহৃত নৌকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
তথ্যসূত্র: গাল্ফ নিউজ



