আন্তর্জাতিক

লেবাননে ব্যাপক হামলা শুরু করল ইসরায়েল

হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই ঘোষণার পরই লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে পূর্ব লেবাননের বেকা উপত্যকাসহ বিভিন্ন স্থানে হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও তীব্র করার বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেয়ার পরই লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা পূর্ব লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া দেশের আরও কয়েকটি এলাকাতেও হামলা হয়েছে।

এর আগে সোমবার (২৫ মে) সন্ধ্যায় দেয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল ‘হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে’ রয়েছে এবং তিনি সেনাবাহিনীকে ‘তাদের চূর্ণবিচূর্ণ করে দিতে’ নির্দেশ দিয়েছেন।

অবশ্য চলতি মাসের শুরুতে লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছিল। তবে এর মধ্যেও বিচ্ছিন্ন সংঘর্ষ চলছিল। এখন নতুন হামলার কারণে বৈরুতসহ লেবাননের আরও বিস্তৃত এলাকায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নেতানিয়াহু দাবি করেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে ইসরায়েল ‘৬০০-এর বেশি সন্ত্রাসীকে নির্মূল করেছে’। তিনি বলেন, ‘এখন আমাদের যা করতে হবে, তা হলো হামলা বাড়ানো এবং এর তীব্রতা আরও বৃদ্ধি করা।’

গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে ইসরায়েলের হামলা মূলত লেবাননের দক্ষিণাঞ্চলে সীমাবদ্ধ ছিল। সেখানে এখনও ইসরায়েলি সেনারা অবস্থান করছে। ইসরায়েলের দাবি, ওই এলাকা থেকেই ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। সোমবার রাতে যে বেকা উপত্যকায় হামলা হয়েছে, সেটি পূর্ব লেবাননে সিরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।

এদিকে আঞ্চলিক যুদ্ধে উদীয়মান শান্তিচুক্তির অংশ হিসেবে সব ফ্রন্টে পূর্ণ যুদ্ধবিরতি থাকতে হবে বলে জোর দিয়ে জানিয়েছে ইরান সরকার। তবে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিষয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে ইসরায়েল। লেবাননের সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে একই সময়ে ইসরায়েলের ভারী বোমাবর্ষণে লেবাননে ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক প্যারামেডিক ও জরুরি সেবা কর্মীও রয়েছেন। এছাড়া ইসরায়েল প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননের নতুন নতুন এলাকায় বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দিচ্ছে। এতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর বর্তমান সংঘাতে জড়িয়ে পড়ে লেবানন। ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে সেসময় হামলা করে হিজবুল্লাহ। এর জবাবে লেবাননজুড়ে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তাদের বক্তব্য, এই জটিল প্রক্রিয়া সম্পন্ন করতে হলে যুদ্ধবিরতি বজায় রাখা জরুরি।

এই বিভাগের আরও সংবাদ