হরমুজ সংকট নিরসনে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা ‘৫০-৫০’: আমিরাত


সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, হরমুজ প্রণালি সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা এখন ‘৫০-৫০’ অবস্থায় রয়েছে।
শুক্রবার (২২ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে ইরান বহুবার নিজেদের অবস্থান ও সক্ষমতাকে অতিমূল্যায়ন করেছে এবং সে কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে। এবারও যেন তেহরান একই ভুল না করে, সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গারগাশ আরও বলেন, ইরান যদি হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য গুরুতর প্রভাব ফেলবে। বিশেষ করে ইউরোপের জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তার ওপর এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির বিষয়টিকে দূরের কোনো আঞ্চলিক সংকট হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে জড়িত।
গারগাশ আরও বলেন, ইরান যুদ্ধের পর উপসাগরীয় দেশগুলোর কৌশলগত হিসাব-নিকাশে যুক্তরাষ্ট্র এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



