নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নিয়ে যা বললেন সারজিস আলম


ঝিনাইদহে জুম্মার নামাজ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর এনসিপি নেতা সারজিস আলম অভিযোগ করেছেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা এই অতর্কিত হামলা চালিয়েছেন। হামলায় বেশ কয়েকজন রক্তাক্ত ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
শুক্রবার (২২ মে) দুপুর ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এই তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুম্মার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নানাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে যায়। এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় যুবক আহত হয়।
এদিন হামলাকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর বর্তমানে থানায় অবস্থান করছেন তিনি। এছাড়া, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



