ইরানে নতুন হামলার পরিকল্পনা স্থগিতের ঘোষণা ট্রাম্পের


চুক্তির আশায় ইরানের নতুন হামলার পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, ইরানের সময় ফুরিয়ে এসেছে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা হতে পারে। তবে মাত্র একদিনের ব্যবধানে তিনি সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন।
ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় মিত্রদেশগুলোর অনুরোধেও তিনি হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। কারণ, যুদ্ধবিরতি ভেঙে নতুন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
ট্রাম্প এর আগেও যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান বলে জানিয়েছেন। তবে যুদ্ধ বন্ধে তার চুক্তির রূপরেখা ইরান প্রত্যাখ্যান করায় তিনি মঙ্গলবার হামলার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ইরানের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করতে অনুরোধ জানায়। সমঝোতায় পৌঁছাতে এখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলেও ট্রাম্প জানান।
তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। ট্রাম্প বলেন, প্রয়োজনে দ্রুত হামলা চালানোর জন্য মার্কিন বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আলোচনা ব্যর্থ হলে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সংবাদমাধ্যম সিএনএনের খবরে জানানো হয়, শনিবার (১৬ মে) ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের এক দিন পরই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নাহলে তাদের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে এখনো এমন কোনো সংকেত পাওয়া যায়নি যে তারা নিজেদের অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলে ধারণা করা হচ্ছে।



