মাগুরায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


মতিন রহমান মাগুরা : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করতে প্রধান মন্ত্রী তারেক রহমানের ঘোষিত বিভিন্ন কর্মসূচি নিয়ে মাগুরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি-সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বিষয়ে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে এ ব্রিফিং আয়োজন করা হয়।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা তথ্য অফিসার পাভেল দাস, সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা সরোয়ার জাহান সুজন, প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এছাড়াও মাগুরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনবান্ধব কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। একই সঙ্গে এসব কার্যক্রমের সফল বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।



