মুন্সীগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


মুন্সীগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা জোরদার, মাইকিং ও প্রচার, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণের মেশিন বসানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া প্রধান ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং একই সময়ে কালেক্টরেট জামে মসজিদে মহিলাদের জন্য পৃথক জামাতের ব্যবস্থা রাখা হবে মর্মে সিদ্ধান্ত হয়। জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ সমন্বয়ের মাধ্যমে সকল ঈদগাহে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পরিশেষে সভাপতি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।



