টাঙ্গাইল

উদ্বোধনের আগেই সাড়ে চারকোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর এপ্রোচ ও সংযোগ সড়কে ফাটল

বাসাইল(টাঙ্গাইল) থেকে এম কে ভুইয়া সোহেল: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সাড়ে চারকোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু উদ্বোধনের আগেই এপ্রোচ ও সংযোগ সড়কে ফাটল দেখা দিয়েছে।ঠিকাদারী প্রতিষ্ঠান ‘বাছেদ প্রকৌশলী’র নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার,প্রতিষ্ঠানটির ম্যানেজারের বালু বিক্রির মাধ্যমে টাকা কামানোর ধান্দাসহ সংশ্লিষ্ট প্রকৌশলীর নজরদারীর অভাব ছিলো বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

শুক্রবার দুপুরে সরেজমিনে বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় ‘সৈদামপুর কাঠালতলী বাজার কুরাতলী ভায়া প্রাইমারী স্কুল সড়কের গার্ডার ব্রীজে’ গিয়ে দেখা যায়, এপ্রোচ ও সংযোগ সড়কে ফাটলের ভয়াবহ চিত্র।নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করে ব্রীজের পূর্ব দক্ষিন পাশে পিচঢালাই করায় বৃষ্টির পানির তোরে ফাটল ও ধ্বসের সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর অভিযোগ যেখানে রোলার দিয়ে এপ্রোচের, সংযোগ সড়কের মাটি রোলিং করার কথা সেখানে ভেকু’র চাকা দিয়ে রোলিং করেছে ঠিকাদারের ম্যানেজার।তারা আরো অভিযোগ করেন,পূর্বপাশে^ ব্রীজের নির্ধারিত ঢালু’র চেয়ে প্রায় ত্রিশ ফিটের বেশি জায়গা বাদদিয়ে এপ্রোচের জন্য তৈরী করা হয়েছে।

বাসাইল উপজেলা প্রকৌশলী অফিসসূত্রে জানাযায়, ৭০ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজটি নির্মাণের দায়িত্ব দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বাছেদ প্রকৌশলী’কে । চার কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৭১৮ টাকা ব্যয়ে এই সেতু ২০২১ সালের ১৩ এপ্রিল ১বছরের সময় নিয়ে নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের চুক্তি অনুযায়ী সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ১২ এপ্রিল।কিন্তু আক্ষেপের বিষয় এর পরে সেতুর নির্মাণকাজের মেয়াদ আরো চার বছর বাড়ানো হলেও উদ্বোধনের জন্য প্রস্তুত করতে পারেনি সংশ্লিষ্টরা।

ব্রীজের উপকারভোগী স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত সৈনিক ইসহাক,রমেশ চন্দ্র সরকার,সাবেক জনপ্রতিনিধি সিদ্দীক সিকদার, লুৎফর রহমানসহ ২৫/৩০ জন এলাকাবাসী এই প্রতিনিধিকে অভিযোগ করে বলেন,রাস্তায় মাটি ফেলার সময় প্রয়োজনমত পেটানো হয় নাই,রোলার দিয়েও পেটানো হয়নাই।দায়সারা গোছের হালকা পেটানো দিয়েই কার্পেটিং করা হয়েছে। যার কারণেই ফাটল ধরেছে।ভালোভাবে রাস্তার কাজটি করা উচিত ছিল। মাত্র কয়েক দিনেই সামান্য বৃষ্টিতেই এমন ফাটল ধরেছে।ভালো মতো মাটি পেটানো হলে এমনটা হতো না।তাছাড়া সব জায়গায় ব্লক বসায় নি।ধ্বস ও ফাটলের পর দুই একদিনের ভেতর যে সকল ব্লকগুলি বসানো হচ্ছে সেগুলোও নিম্নমানের। পায়ের চাপেই ভেঙ্গে যায়।

ঠিকাদার প্রতিষ্ঠান ‘বাছেদ প্রকৌশলী’র ম্যানেজার নুরনবী সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, আমাদের ব্লক মজুদ ছিল। ব্রিজের সংযোগ সড়কে ব্লকের কাজ চলমান ছিল। বৃষ্টিপাতের কারণে আমরা ব্লক নিয়ে বসাতে পারিনি। ব্রিজের সংযোগ রাস্তায় ঈদের আগে নতুন মাটিতে কার্পেটিং করা হয়। অতিরিক্ত বৃষ্টি ও মালবাহী ট্রাফেট্রাক্টর গাড়ি রাস্তা দিয়ে চলাচল করায় রাস্তার কিছু অংশ ফাটল দেখা দিয়েছে। যেখান দিয়ে ফাটল ধরেছে তা মেরামত করে দেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, বাসাইলের সৈদামপুরে ব্রীজের কাজ চলমান আছে। ব্রিজের এপ্রোচের কিছু অংশ যেখানে ব্লক বসানো হয়নি সেখানে অতিরিক্ত বৃষ্টি ও ভারী যানবাহনের কারণে মাটি সড়েগেছে বলে এপ্রোচের রাস্তায় ভাঙ্গন দেখা গেছে। এই কাজের ঠিকাদার ‘বাছেদ প্রকৌশলী’। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা ভাঙন জায়গা ঠিক করে দেবে। ব্রিজের সংযোগ সড়কের কাজের টাকা এখনো দেওয়া হয়নি। যে জায়গাগুলোতে সমস্যা হয়েছে, তারা মেরামত করে দেবে।

এই বিভাগের আরও সংবাদ