মুন্সীগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে আটক ১


মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আওয়ামী লীগের উন্নয়নমূলক লিফলেট বিতরণের অভিযোগে মো. এরশাদ হোসাইন বেপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কাঠাদিয়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ডেনমার্ক আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কাঠাদিয়া ঢালীবাড়ি ও ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এ খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে মো. এরশাদ হোসাইন বেপারীকে রাতে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।



