শ্রীনগরে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নারীসহ আহত ৭


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে কলাবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৭ জন আহত হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের উপজেলার আটপাড়া এলাকার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের সামনে এঘটনা ঘটে।
আহতরা হলেন সিএনজি চালক মুন্সীগঞ্জের সিপাহীপাড়ার মুক্তার খানের ছেলে ফকির চাঁন (৫০), যাত্রী বরিশালের আব্দুর রাজ্জাক সরদার (৬০), রাশিদা (৫০), রাসেল (১৬), মিন্টু হাওলাদার (২৮), নাসরিন (৩০) নিরব হাওলাদার (১৬)। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এর মধ্যে আহত মিন্টু হাওলাদারের স্ত্রী নাসরিন গর্ভবর্তী হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরী ভিত্তিতে ঢাকা নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাবাসী পিকআপ চালককে আটক করে। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশ জানায়, পিকআপের (ঢাকা মেট্রো ন-২১ ৫৭৯৬) চালক কৃষ্ণকে (৫২) পুলিশ হেফাজতে রাখা হয়। পিকআপ ভ্যানটি রেকার দিয়ে সরিয়ে থানায় আনা হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, সিএনজিটি মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা কলাবাহী পিকআপটি সজরো ধাক্কা দিলে যাত্রীবাহী সিএনজি দুমরে মুচরে যায়। এতে সিএনজির চালকসহ ৭ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। আহতরা সবাই সিএনজির যাত্রী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিবিৎসক ডাঃ মো. শাহারিয়া জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়। কয়েকজনের অবস্থা গুরুতর।



