রাজশাহী

দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেসঃ পুষ্টি-উদ্যোক্তা ও টেকসই কৃষিতে নতুন দিগন্তের আহ্বান

জাহিদুল ইসলাম দু্‌র্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং সহনশীলতা (রেজিলিয়েন্স) বৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা হলরুমে আয়োজিত এ কংগ্রেসে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। ‘পার্টনার প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ এর আওতায় দুর্গাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই আয়োজন করে।

অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফরিদ হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা, সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বজলুর রশিদ। এছাড়াও সাবেক মেয়র এবং জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লালটু,উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কংগ্রেসে উপজেলার প্রায় ৭০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি সংবেদনশীল কৃষি চর্চা এবং জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আজিজুর রহমান বলেন, টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ‘পার্টনার’ প্রোগ্রাম এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা তার বক্তব্যে বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষিকে উদ্যোক্তা ভিত্তিক খাতে রূপান্তর করা সময়ের দাবি। এতে তরুণ প্রজন্ম কৃষিতে আগ্রহী হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সভাপতির বক্তব্যে জেলা উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন বলেন, কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বাজার ব্যবস্থার সঙ্গে সংযোগ বাড়াতে পারলে তাদের আয় বৃদ্ধি ও জীবনমানের উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানজুড়ে বক্তারা একমত পোষণ করেন যে, আধুনিক ও পুষ্টিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসার এবং জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহারই ভবিষ্যৎ কৃষিকে টেকসই ও লাভজনক করে তুলবে।

এই বিভাগের আরও সংবাদ